ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৬ এপ্রিল ২০২৬  
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল

গোলাম সারোয়ার মিলন

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাকে ঢাকার পপুলার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাম সারোয়ার মিলনের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

গোলাম সারোয়ার মিলন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬-৮৭ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন গোলাম সারোয়ার মিলন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন গোলাম সারোয়ার মিলন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল পরিবর্তন করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ঢাকা/চন্দন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়