ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভুল সেটে এসএসসি পরীক্ষা, বিক্ষোভ-ভাঙচুর 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৬ এপ্রিল ২০২৬  
ভুল সেটে এসএসসি পরীক্ষা, বিক্ষোভ-ভাঙচুর 

পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ করে।

বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ভুল সেটের প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) পরীক্ষা শে‌ষে সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় ওই কে‌ন্দ্রের কেন্দ্র স‌চিব এবং ট‌্যাগ অফিসারকে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় উপজেলার সব কেন্দ্রে ‘সেট-১’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুলবশত ‘সেট-৩’ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প‌রে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কেন্দ্রের প্রধান ফটক ও কিছু আসবাবপত্র ভাঙচুর করে। 

খবর পে‌য়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদুত জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব শাহাদুত জামান জানান, প্রশ্নপত্রের প্যাকেটের বাইরে ‘সেট-১’ লেখা থাকলেও ভেতরে ‘সেট-৩’ ছিল, যার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

এ বিষ‌য়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামা‌ণিক ব‌লেন, ‘‘বিষয়‌টি অব‌হিত হওয়ার পর কেন্দ্র থে‌কে নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে কেন্দ্র স‌চিব এবং ট‌্যাগ অফিসারকে প‌রিবর্তন করার জন‌্য। সে বিষ‌য়ে ব‌্যবস্থা নি‌য়ে‌ছি।’’ 

তিনি আরো বলেন, ‘‘একইসঙ্গে বোর্ডের চেয়ারম্যান আমার কাছে শিক্ষার্থী এবং অভিভাবকদের বক্তব‌্য জানতে চে‌য়েছেন, আমি তা‌দের‌ লি‌খিত বক্তব‌্য দি‌তে ব‌লে‌ছি। সেই বক্তব্য চেয়ারম‌্যানকে পাঠাবো।’’ 

তিনি জানান, বোর্ডের নির্দেশনায় ওই কেন্দ্রের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে, যাতে মূল্যায়নের ক্ষেত্রে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
 

ঢাকা/এনাম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়