নির্বাচনের মাঠে শুভশ্রী
শুভশ্রী গাঙ্গুলি
ভারতীয় বাংলা সিনেমার একঝাঁক তারকা অভিনয়শিল্পী রাজনীতিতে পা রেখেছেন। তবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মাঠের রাজনীতিতে নামেননি। যদিও তার বর পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার স্বামীর জন্য বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা দিলেন শুভশ্রী।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন রাজ চক্রবর্তী। একই কেন্দ্র থেকে এবারো ভোটে লড়ছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। তারপরই দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বন্ধ হয়ে যাবে প্রচার। আর নির্বাচনি প্রচারের শেষলগ্নে রাজের সঙ্গে রোড শো করলেন শুভশ্রী। লালকুঠি থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত রোড শো করেন রাজ-শুভশ্রী।
স্বামীর সঙ্গে শুভশ্রী
স্বামীর নির্বাচনি প্রচারে নামার কারণে গুঞ্জন উড়ছে, রাজনীতিতে নামবেন শুভশ্রীও। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে একাধিক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, কখনো রাজনীতিতে যোগ দেবেন না শুভশ্রী। অভিনয় করতে ভালবাসেন, আর সেটাই মন দিয়ে করতে চান।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনো বাকি দ্বিতীয় দফার ভোট। আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোট হবে। আপাতত রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন।
স্বামী-সন্তানের সঙ্গে শুভশ্রী
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন রাজ-শুভশ্রী। তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সবকিছু পেছনে ফেলে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন তারা। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান ইউভান; ২০২৩ সালে জন্ম নেয় কন্যা ইলিয়ানা।
ঢাকা/শান্ত