সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন জেলার শান্তিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মৃত আব্দুল কাদিরের ছেলে জমির উদ্দিন, গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন ও জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের আবুল কালামের ছেলে আবু সালেহ।
তবে, আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে জমির উদ্দিন হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জমির হোসেন তার বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীর ঘাটে দোকান খুলতে গেলে বজ্রপাতে আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আবু সালেহ।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/মনোয়ার/রাজীব