প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছেন: চিফ হুইপ
প্রধানমন্ত্রী তারেক রহমান ভঙ্গুর অর্থনীতির দেশের হাল ধরে দিন-রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
তিনি বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই।”
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি কক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
মতবিনিময় সভায় সংসদ বিটের সাংবাদিকরা সংবাদ সংগ্রহে নানা সমস্যার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “এসব সমস্যা দ্রুতই সমাধান করা হবে।”
গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন নূরুল ইসলাম মণি। তিনি বলেন, “সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হতে হবে।”
ঢাকা/এএএম/রফিক