ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জেল খাটলে কেমন লাগে’ কৌতূহল থেকে শিশু খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৩৩, ২৭ এপ্রিল ২০২৬
‘জেল খাটলে কেমন লাগে’ কৌতূহল থেকে শিশু খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার তদন্তে নেমে হত্যার পেছনে চাঞ্চল্যকর এক কারণ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ছয়জন কেবল ‘জেল খাটার অভিজ্ঞতা’ পাওয়ার কৌতূহল থেকে শিশু হোসাইনকে হত্যা করে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। গ্রেপ্তার ছয়জনের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন এসপি।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, গত ১৮ এপ্রিল ফতুল্লার শিয়াচর এলাকার ফুল বিক্রেতা সুমনের ছেলে হোসাইন নিখোঁজ হয়। পাঁচদিন পর গত শুক্রবার শিশুটির মরদেহ ফতুল্লা রেললাইন এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

এসপি মিজানুর রহমান বলেন, নিখোঁজের দিন সকালে শিশুটি ওই পরিত্যক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যায়। পরে সেখানে ছয়জন মিলে হোসাইনকে হত্যা করে।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা সকলেই মাদকাসক্ত। তারা জেল খাটলে কেমন লাগে, কেমন অভিজ্ঞতা হয় এই কৌতূহল থেকে কাউকে হত্যার পরিকল্পনা করে। ওই দিনই দুর্ভাগ্যক্রমে শিশু হোসাইন ওই পথ দিয়ে যাচ্ছিল এবং পুরোনো কোনো দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও শিশুটিকে চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করে হত্যা করা হয়।

পুলিশ সুপার বলেন, হত্যার পর লাশ সেখানে ফেলে পালিয়ে যায় তারা। তবে মৃতদেহের বিষয়ে খোঁজ রাখতে আরেকজনকে হত্যাকাণ্ডের বিষয়টি জানানো হয়। মৃতদেহটি উদ্ধারের পর তদন্তের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ বছরের এ কিশোর তখন পুরো বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ রবিবার দুইজনকে বরিশাল থেকে এবং বাকিদের ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের স্থায়ী নিবাস বিভিন্ন জেলায় হলেও পরিবারের সঙ্গে ফতুল্লা এলাকায় ভাড়াবাসায় থাকেন। এ ঘটনায় এখনো একজন পলাতক রয়েছে।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ভবনটির একপাশে ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়