শিশুপুত্রকে নিয়ে দুবাইয়ে আটকা পড়েছেন শুভশ্রী
ছেলে ইউভানের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি
ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শিশুপুত্রসহ আটকা পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।
তৃণমূলের বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “ইউভানের স্কুল ছুটি। তাই ছেলেকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছে শুভশ্রী। বিমানবন্দরে পা রাখার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয় যায় বিমান চলাচল। তবে ছেলেকে নিয়ে নিরাপদে হোটেলে পৌঁছায় শুভশ্রী; আপাতত সেখানেই রয়েছে।”
দুবাইয়ে রাজ-শুভশ্রী দম্পতির কিছু বন্ধুবান্ধব রয়েছেন। তারা সহযোগিতা করছে। এ তথ্য উল্লেখ করে রাজ বলেন,“ওরাই শুভশ্রী আর ইউভানের দেখভাল করছেন। খবরাখবর নিচ্ছেন। আমিও নিয়মিত ওদের সঙ্গে যোগাযোগ রাখছি। এখনই ভয়ের কিছু নেই।”
স্ত্রী-পুত্র নিরাপদে ভারতে ফেরার জন্য সরকারি কোনো সহযোগিতা চাইবেন কি না? এ প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী বলেন, “এখনই কোনো সরকারি সহযোগিতার কথা ভাবছি না। আরও এক-দু’দিন অপেক্ষা করব। আশা করি, তার মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে। স্বাভাবিকভাবেই নিজের দেশে, নিজের শহরে ফিরে আসতে পারবে শুভশ্রী আর আমাদের ছেলে ইউভান।”
রাজ চক্রবর্তী শিশুকন্যাকে নিয়ে এখন কলকাতায় অবস্থান করছেন। তবে স্ত্রী-পুত্রকে নিয়ে খানিকটা চিন্তিত হয়ে পড়েছেন এই পরিচালক।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় দেশটি।
ইরানের হামলার পর আন্তর্জাতিক এয়ারলাইনস এই অঞ্চলে ফ্লাইট স্থগিত করে দেয়। এতে করে অনেক যাত্রী আটকা পড়েছেন। তাদেরই একজন শুভশ্রী।
ঢাকা/শান্ত