ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাইকে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২৮ এপ্রিল ২০২৬  
মাইকে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রকাশ্যে সিএনজি অটোরিকশায় মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় মো. আলাউদ্দিন আলো (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

সোমবার (২৭ এপ্রিল) সকালে মাইজদী শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। রাতে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক আলাউদ্দিন আলো নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি যুবলীগের কর্মী।  

স্থানীয়রা জানিয়েছেন, একটি সিএনজিচালিত অটোরিকশাটির ওপরে দুটি মাইক বেঁধে ভেতরে বসে স্লোগান দিতে দিতে শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম মডেল থানার দিকে যান আলাউদ্দিন আলো। যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের  কার্যালয়ের সামনে আসেন। সেখানে সিএনজি অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়েও স্লোগান দেন আলাউদ্দিন আলো। 

এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান তিনি। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন। অটোরিকশাচালককেও চড়-থাপ্পড় দেন তারা। এর পর মাইক কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশাচালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক জব্দ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেছেন, “জনগণ তাকে মারধর করার কারণে আহত অবস্থায় আছে। আটকের পর চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার মানসিক সমস্যা আছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সুজন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়