ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটি স্পর্শ, প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:৪১, ২৯ এপ্রিল ২০২৬
বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটি স্পর্শ, প্রাণ গেল যুবকের

রায়হান বাবু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হওয়া একটি বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করলে মারা যান তিনি। শহরের কান্দিপাড়ার রাধার মা পুকুরের পূর্ব পাশের গলির শেষপ্রান্তে ঘটনাটি ঘটে।

নিহত বাবু কান্দিপাড়ার মুছা মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের জনক।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাবু বাড়ি থেকে বের হন। তিনি কান্দিপাড়ার রাধার মা পুকুরের পূর্ব দিকের একটি গলির শেষপ্রান্তে থাকা পরিত্যক্ত বাড়ির কাছে যান। ওই বাড়ির দেয়াল ঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। খুঁটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে জমে থাকা পানিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, ‍সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হন বাবু। বিদ্যুতায়িত খুঁটি স্পর্শ করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‍“বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়