অর্থমন্ত্রীর খুলে দেওয়া জানালা দিয়ে এস আলম চলে আসবে: এমপি সাইফুল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন পাসের পর অর্থমন্ত্রীর ‘খুলে দেওয়া জানালা’ দিয়ে এস আলম গ্রুপ আবার ফিরে আসবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
সাইফুল আলম বলেন, গণমাধ্যমে এসেছে ইসলামী ব্যাংক থেকে একদিনে ৭০৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। দিন দিনের লেনদেনের চিত্র নেতিবাচক দিকে যাচ্ছে।
তিনি বলেন, দেশের সব বেসরকারি ইসলামি ব্যাংকে লুটপাট হয়েছে। এস আলম ও তার দোসররা সেই লুটপাট করেছে। ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬-এর মাধ্যমে অর্থমন্ত্রীর কথায় জানালা খুলে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি, সেই জানালা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘‘এই ব্যাংক বাঁচাতে হবে। ইসলামী ব্যাংকের গ্রাহক ছিল ১ কোটি ২০ লাখ। একটি বেসরকারি ব্যাংকের এত গ্রাহক আমাদের জন্য সুখবর ছিল। আজ যদি ইসলামী ব্যাংক ধসে পড়ে, দেশের অর্থনীতিতে আঘাত আসবে।’’
মানবাধিকার ও বিচার বিভাগের অধ্যাদেশ বাতিলে উদ্বেগ
জামায়াতের এ সংসদ সদস্য বলেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ মানবাধিকার সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ হতে পারতো। সংসদ তা অনুমোদন না করে লুপ্ত করে দিয়েছে।’’
‘‘এটি শুধু আইন বাতিল নয়, আমাদের আবার পুরনো অকার্যকর ও জবাবদিহিবিহীন কাঠামোর দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।’’ বলেন তিনি।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও সচিবালয়-সংক্রান্ত অধ্যাদেশ স্থগিত করায় বিচার বিভাগকে আবার দলীয় প্রভাবশালী কাঠামোর দিকে ঠেলে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘‘গত ১৭ বছর ধরে নির্বাহী বিভাগের প্রভাবে বিচার ব্যবস্থা দুর্বল হয়েছে। স্বাধীন অবস্থান নেওয়ায় একজন প্রধান বিচারপতি দেশত্যাগে বাধ্য হয়েছেন।’’
বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের পাশাপাশি কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিও জানান তিনি।
ঢাকা/এএএম/বকুল


বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী