হাওর বাঁচাতে ৩৫ জেলা নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হাওর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ৩৫টি জেলা নিয়ে একটি আলাদা ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হাওরের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, “হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে— এতে হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। সেখানে একটিমাত্র ফসল হয়। ১২ মাস এই অঞ্চলের কৃষকদের তাদের পেটের ভাত ও পরনের কাপড়ের জন্য অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমি আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রীর কাছে অনুরোধ করছি— হাওর অঞ্চলকে দয়া করে এবার বাঁচান। হাওর অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে ৩৫টি জেলা নিয়ে একটি হাওর মন্ত্রণালয় করতে হবে।”
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই সরকারের হাত ধরেই দেশের মানুষের দুর্ভাগ্য দূর হবে।
ঢাকা/আসাদ/সাইফ
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী