বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় একটি বেইলি ব্রিজের লোহার পাতের ফাঁকে পা আটকে আহত হয়েছেন এক নারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরিফবাগ বেইলি ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০)। তিনি শরিফবাগ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে স্বপ্না বেগম হেঁটে শরিফবাগ বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। হঠাৎ করে ব্রিজের একটি ক্ষতিগ্রস্ত অংশের লোহার পাতের ফাঁকে তার এক পা ঢুকে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্বর্ণখালী এলাকার বাসিন্দা এসআই আশরাফুল বলেছেন, “প্রায় প্রতিদিন এই ব্রিজে অটোরিকশার চাকা আটকে যায়। এতে নানা দুর্ঘটনা ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টের পাটাতন নেই, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা আল আমিন খান জানিয়েছেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মাঝে-মধ্যেই এখানে এমন দুর্ঘটনা ঘটে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঢাকা/সাব্বির/রফিক
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী