ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৩২, ২৯ এপ্রিল ২০২৬
ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের ওপর দীর্ঘমেয়াদি নৌ অবরোধ চালিয়ে যাওয়ার জন্য নিজের উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বৈঠকগুলোতে ট্রাম্প ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ করার মাধ্যমে দেশটির অর্থনীতি এবং তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন:

কর্মকর্তারা আরো জানান, ট্রাম্প মনে করছেন যে তার হাতে থাকা অন্য দুটি বিকল্প- অর্থাৎ পুনরায় বোমাবর্ষণ শুরু করা অথবা সংঘাত থেকে পুরোপুরি সরে আসা- বর্তমান অবরোধ বজায় রাখার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায়। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে ১১-১২ এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনা চললেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

ট্রাম্প পরবর্তীতে জানান যে, পাকিস্তানের অনুরোধে তেহরানের পক্ষ থেকে একটি প্রস্তাব না আসা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

তবে গত সোমবার (২৭ এপ্রিল) ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাবটি তিনি গ্রহণ করার সম্ভাবনা কম। কারণ ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিলেও তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তী আলোচনার জন্য তুলে রেখেছে, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়।

ইরান শান্তি আলোচনায় বসার শর্ত হিসেবে নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানালেও, ট্রাম্পের এই নতুন নির্দেশনার ফলে পারস্য উপসাগরে উত্তেজনা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়