ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা হুতিদের
হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
মধ্যেপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান, লেবানন ও ফিলিস্তিনের প্রতি নিজেদের জোরালো সমর্থন ও সংহতি প্রকাশ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (২৯ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুতি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে চলমান সংঘাতে তারা কোনোভাবেই নিরপেক্ষ অবস্থানে নেই। খবর আল-জাজিরার।
হুতিরা ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘জলদস্যুতার’ তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা এবং নাবিকদের আটক করার ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
হুতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড বৈশ্বিক সরবরাহ চেইন ও শিপিং খাতকে বিঘ্নিত করছে এবং খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বিশ্বকে চড়া মূল্য দিতে হচ্ছে।
তবে হুতিরা হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত বিধিনিষেধের প্রতি সমর্থন প্রকাশ করেছে। তারা বলেছে, “নিরাপত্তা হুমকি মোকাবিলায় নিজেদের আঞ্চলিক জলসীমায় নৌ-চলাচল সীমিত করা এবং আত্মরক্ষার অধিকার যেকোনো রাষ্ট্রের রয়েছে।”
বিবৃতিতে আরো সতর্ক করে বলা হয়েছে যে, “ইরান, লেবানন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে ইয়েমেন মোটেও নিরপেক্ষ নয়।” তারা যোগ করেছে যে, এ বিষয়ে তাদের অবস্থান ‘স্পষ্ট, প্রকাশ্য এবং সুনির্দিষ্ট’।
ইয়েমেনের রাজধানী সানাসহ জনবহুল এলাকাগুলো নিয়ন্ত্রণকারী হুতিরা এর আগেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে, যুদ্ধ চলতে থাকলে তারা লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দিতে পারে।
ঢাকা/ফিরোজ