ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৯ এপ্রিল ২০২৬  
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে তাকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সরদহ রেলস্টেশনে ধর্ষণ করা হয়।

ধর্ষণের শিকার নারীর স্বামী বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চারঘাট থানায় মামলা করেছেন। মামলায় একজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী এই দম্পতি ট্রেনে ও স্টেশনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত ব্যক্তি তাদের পপকর্ণ বিক্রির টাকাও ছিনিয়ে নিয়েছেন।

আরো পড়ুন:

এই দম্পতির বাড়ি নাটোরে। আর অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা তিনি। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ণ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্টেশনে পপকর্ণ বিক্রির পর তারা রাত ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামে। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে তারা বিস্কুট খাচ্ছিল।

এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করে। একটি পরিত্যক্ত দোকানে নিয়ে গিয়ে বেঁধে রাখে। তার কাছ থেকে পপকর্ণ বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারী তার স্ত্রীকে স্টেশনের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন লোক তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে তিনি অভিযুক্তের পরিচয় জানতে পারেন।

সরদহ স্টেশনের মাস্টার ইকবাল কবির জানান, গভীর রাতে স্টেশনের পাশে ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। জরুরি সেবার নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

ঢাকা/মাহী/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়