ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আতঙ্কে ৮ শিক্ষার্থী হাসপাতালে

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৯ এপ্রিল ২০২৬  
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আতঙ্কে ৮ শিক্ষার্থী হাসপাতালে

বরগুনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম নূর জামাল (৫৪)। তিনি আমতলী উপজেলার পূজাখোলার বাসিন্দা।

এদিকে, সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বজ্রপাতের পর ছড়িয়ে পড়া আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ৮ স্কুলশিক্ষার্থী। তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন নূর জামাল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে বিকট শব্দে বজ্রপাত হলে আতঙ্কে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

তারা হলো- ষষ্ঠ শ্রেণির কারিমা, জান্নাতি, রিয়া, মনি, মরিয়ম, সামিরা এবং সপ্তম শ্রেণির ইয়াসমিন ও আমেনা। তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. বশির হোসেন বলেন, “ক্লাস চলাকালে হঠাৎ ভবনের পাশে তালগাছে বিকট শব্দে বজ্রপাত হলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এর মধ্যে, ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বরগুনা জেলা প্রশাসক তাজলিমা আক্তার বলেন, “আমতলীতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া, আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি তাদেরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়