ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২৯ এপ্রিল ২০২৬  
মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড

হুমায়ুন আহমেদ কবির।

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির (৪৮) এবং একই এলাকার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় নেওয়ার সময় লালমনিরহাট ট্রাক স্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধী জনপ্রতিনিধি হলেও যে পার পাওয়ার সুযোগ নেই, আইনের শাসনের মাধ্যমে তা আবারো প্রমাণিত হলো।”

ঢাকা/নিয়াজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়