আসাম-পদুচেরিতে পুনরাবৃত্তি, তামিনাড়ুতে বিজয় ঝড়, কেরালায় চমকের অপেক্ষা
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এগুলোর বুথফেরত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই ভোটের প্রকৃত ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। তবে মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই কেরলে সরকার বদলের ইঙ্গিত দিয়েছে।
আসাম: এনডিটিভির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ- এর নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেখানে বিজেপি ১২৬টি আসনের মধ্যে ৭০ থেকে ৮০টি আসনে জিততে পারে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস পেতে পারে ২২ থেকে ৩০টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৮৮-১০০ আসন এবং কংগ্রেস পেতে পারে ২৪-৩৬ আসন।
কেরালা: বুথ ফেরত সমীক্ষায় কেরলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একাধিক এক্সিট পোলের পূর্বাভাস বলছে, কেরলে ক্ষমতাচ্যুত হতে পারে বাম শিবির।অর্থাৎ, প্রায় এক দশক পর রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)। ফলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ)-এর সামনে বড় চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কেরালা বিধানসভা নির্বাচনে ম্যাট্রিজ নিউজের বুথফেরত সমীক্ষায় বড়সড় রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ১৪০ আসনের বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৭০ থেকে ৭৫টি আসন পেয়ে ফের ক্ষমতায় ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। ম্যাজিক ফিগার ৭১-এর গণ্ডি পার করে ইউডিএফ-এর এই প্রত্যাবর্তন বামেদের জন্য বড় ধাক্কা হতে পারে। সমীক্ষা অনুযায়ী, মালাবার, মধ্য কেরালা এবং দক্ষিণ কেরালা—তিনটি প্রধান অঞ্চলেই এলডিএফ-এর তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউডিএফ।
তামিলনাড়ু: এই রাজ্যে বুথফেরত সমীক্ষার ট্রেন্ড বলছে, অধিকাংশ বড় সার্ভেতেই এগিয়ে রয়েছে ডিএমকে নেতৃত্বাধীন জোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে এআইএডিএমকে। রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে নজর কাড়ছে অভিনেতা বিজয়-এর দল টিভিকে। সব সমীক্ষার গড় বা ‘পোল অফ পোলস’ অনুযায়ী, পাল্লা স্পষ্টতই ডিএমকে জোটের দিকেই ভারী। পিপল্স পাল্সের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২৫-১৪৫, এনডিএ ৬৫-৮০, টিভিকে ১৮-২৪ এবং অন্যেরা ২-৬টিতে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের দাবি, ডিএমকে জোট ১৪৫-১৬০, এডিএমকে জোট ৫০-৬৫ এবং ১৮-২৬টি পেতে পারে। ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২২-১৩২, এনডিএ ৮৭-১১০, চিত্রতারকা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের দল টিভিকে ১০-১২টি জিততে পারে। অন্যেরা পেতে পারে ০-৬টি।
পুদুচেরি: ৩০ আসনের পুদুচেরি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৬টি আসন। পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ জোট ১৬ থেকে ১৯টি আসন পেয়ে ম্যাজিক ফিগার পার করতে পারে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ১০ থেকে ১২টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১ থেকে ২টি আসন। সব মিলিয়ে কেন্দ্রশাসিত এই অঞ্চলে এনডিএ জোটের পাল্লাই ভারী থাকছে।
ঢাকা/সুচরিতা/শাহেদ
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী