ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৪ মে ২০২৬   আপডেট: ১০:০১, ৪ মে ২০২৬
হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশেষ এই অভিযানের আওতায় আজ সোমবার (৪ মে) থেকে মার্কিন নৌবাহিনী বিদেশি জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপদে এই জলপথ দিয়ে বের করে আনার কাজ শুরু করবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আরো পড়ুন:

ট্রাম্প এই উদ্যোগকে একটি ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রণালিতে দীর্ঘদিন আটকে থাকা অনেক জাহাজে খাবার ও জ্বালানির মতো জরুরি রসদ ফুরিয়ে আসছে, যা সংকটাপন্ন পরিস্থিতির সৃষ্টি করেছে।

ইসরায়েলি গণমাধ্যম ‘কান নিউজ’-কে তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইরানের সাম্প্রতিক প্রস্তাবটি তিনি পর্যালোচনা করেছেন এবং সেটি তার কাছে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মনে হয়েছে। তবে এই প্রত্যাখ্যান সত্ত্বেও, তেহরানের সাম্প্রতিক ১৪ দফার প্রস্তাবের বিপরীতে রবিবার যুক্তরাষ্ট্র একটি নতুন সংশোধিত চুক্তির খসড়া জমা দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘প্রজেক্ট ফ্রিডম’ মিশনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মার্কিন বাহিনী ৪ মে থেকেই হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু করবে। এই অভিযানে অংশ নিতে পেন্টাগন ১৫ হাজার অতিরিক্ত সৈন্য, গাইডেড-ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার এবং ১০০-এর বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, “এই প্রতিরক্ষামূলক মিশনে আমাদের সমর্থন আঞ্চলিক নিরাপত্তার জন্য অপরিহার্য।” তিনি আরো উল্লেখ করেন যে, মার্কিন নৌ অবরোধও বলবৎ থাকবে।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। মার্কিন প্রেসিডেন্টের নতুন অভিযানের ঘোষণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, “ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই প্রণালি পরিচালিত হবে না।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়