ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮২ শিশু
ময়মনসিংহে থামছে না হামে আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৩ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২২ শিশু।
সোমবার (৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানান, মারা যাওয়া শিশুর বয়স ৭ মাস, তার বাড়ি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত ২৮ এপ্রিল তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
এদিকে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১০৬৯ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬৩ শিশু।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।
ঢাকা/মিলন/ইভা