কিশোরগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জে রবিবার ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
কিশোরগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান। রবিবার (৩ মে) সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ৩১ আগস্ট পর্যন্ত চলবে ধান সংগ্রহ।
জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১৩টি উপজেলা থেকে ৩৬ টাকা কেজি দরে (প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা) মোট ১৮ হাজার ৩৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৭৫ মণ পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কোনো নগদ লেনদেন করা হবে না। ফলে ধানের পুরো মূল্য সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে।
কৃষক কার্ডধারীদের পাশাপাশি কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকেও ধান সংগ্রহ করা হবে। ভেজা বা নিম্নমানের ধান সংগ্রহ করা হবে না।
কিশোরগঞ্জের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. মোশারফ হোসেন বলেন, “চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলা থেকে ১৮ হাজার ৩৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে কেজি প্রতি ৩৬ টাকা দরে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ভেজা বা নিম্নমানের ধান কোনোভাবেই গ্রহণ করা হবে না।
এদিকে, সরকারি গুদামে ধান বিক্রির ক্ষেত্রে মানসম্মত ও শুকনো ধান হওয়ার শর্ত থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় আর্দ্রতা বজায় রাখা সম্ভব হচ্ছে না, আবার শ্রমিক সংকটের কারণে মাঠ থেকে ফসল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।
হাওরাঞ্চলে রবিবার বিকেল পর্যন্ত ১০ হাজার ৩৫ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাওরের ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনে কৃষকের ক্ষতির পরিমাণ বেশি। এসব অঞ্চলে ৩৬ হাজার কৃষকের আধাপাঁকা ধানের জমি পানির নিচে রয়েছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন হাওরের কৃষকের ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, যেসব কৃষক এ মৌসুমে ফসল ঘরে তুলতে পারেননি তারা যেন কষ্টে না থাকেন, সেজন্য সরকার আগামী তিন মাস বিশেষ সহায়তা পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
ঢাকা/রুমন/মাসুদ