সিলেটে সড়ক দুর্ঘটনা
‘পাখির বাচ্চার মতো পিকআপ থেকে ছিটকে পড়েন যাত্রীরা’
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় রবিবার ভোরে দুর্ঘটনার শিকার ট্রাক।
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার হৃদয়বিদারক চিত্র প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য রণজিৎ তালুকদার। তিনি জানান, চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য জীবনে খুব কমই দেখেছেন।
রবিবার (৩ মে) ভোরে দায়িত্ব পালনকালে ঘটনাটি প্রত্যক্ষ করেন রণজিৎ তালুকদার।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের প্রটোকল ডিউটিতে ছিলেন। পথিমধ্যে তেলিবাজারের মারকাজ পয়েন্ট এলাকায় পৌঁছালে একটি কাঁঠালবোঝাই ট্রাক শ্রমিকবাহী পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। ফলে পিকআপ ভ্যানে থাকা ৮-৯ জন যাত্রী পাখির বাচ্চার মতো ছিটকে পড়ে যায়। তাদের মধ্যে দুইজন নারীও ছিলেন। ঘটনাটি এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।
তিনি জানান, দুর্ঘটনা ঘটার পরপরই তিনি নিজের গাড়ি থামিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন এবং সুরমা থানাকে বিষয়টি জানান। দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
দুর্ঘটনার কারণ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে এই পুলিশ সদস্য বলেন, “আমার মনে হয়েছে, ট্রাকটি মূল চালক নয়, হেল্পার চালাচ্ছিল। তার চোখ দেখে মনে হয়েছে, সে ঘুমে আচ্ছন্ন ছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী নার্গিস, দিরাই উপজেলার বসির মিয়ার মেয়ে মুন্নি মনি, নূর সালামের ছেলে ফরিদুল ও মৃত ফকরুল আলীর ছেলে সুরুজ আলী এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের কুঠির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের সুজাত আলীর ছেলে বদরুল জামান, সুনামগঞ্জ উপজেলার বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও তার ভাই আমির উদ্দিন।
আহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রফিক মিয়ার ছেলে আলমগীর, সুনামগঞ্জের দিরাই উপজেলার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া, একই এলাকার মৃত শুক্কুর উল্লাহর ছেলে তুরাব উল্লাহ, মৃত আলীম উদ্দিনের ছেলে রামিন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাবু বেগম, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের বদরুজ্জামানের স্ত্রী হাফিজা বেগম।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “সড়ক দুর্ঘটনায় আটজন মারা গেছেন। চারজন স্পটে আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করছি।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, “সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরো চারজন মারা যান। দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।”
ঢাকা/রাহাত/মাসুদ