ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেঙ্গালুরু নয়, আইপিএলের ফাইনাল আহমেদাবাদে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৬ মে ২০২৬  
বেঙ্গালুরু নয়, আইপিএলের ফাইনাল আহমেদাবাদে

শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ২০২৬-এর ফাইনাল আর বেঙ্গালুরুতে হচ্ছে না। শিরোপা নির্ধারণী ম্যাচ এখন অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আগামী ৩১ মে সেখানে বসবে এবারের আসরের সবচেয়ে বড় লড়াই।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় ক্রিকেট সংস্থা ও প্রশাসনিক কর্তৃপক্ষের কিছু বিশেষ শর্ত এবং আনুষ্ঠানিক জটিলতার কারণেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে। বোর্ডের নির্ধারিত নীতিমালার বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেকে সরিয়ে ফাইনাল দেওয়া হয়েছে আহমেদাবাদকে।

আরো পড়ুন:

তবে শুধু ফাইনালই নয়, এবার প্লে-অফের সূচি ও ভেন্যুতেও এসেছে বড় পরিবর্তন। ২৬ মে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর ২৭ মে নিউ চণ্ডীগড়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর। একই মাঠে ২৯ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারও।

বোর্ড জানিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে এবার তিনটি ভিন্ন শহরে প্লে-অফ আয়োজন করা হচ্ছে। যদিও সাধারণত নকআউট পর্ব সীমিত কয়েকটি ভেন্যুতেই রাখা হয়।

এদিকে বোর্ডের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়েছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা। তাদের দাবি, প্লে-অফ আয়োজনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো কারণ না জানিয়েই অন্যত্র ম্যাচ সরিয়ে নিয়েছে। যদিও বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে তাদের বিবৃতিতে।

গত মৌসুমে প্লে-অফ হয়েছিল ২টি শহরে। তখন নিউ চণ্ডীগড়ে হয়েছিল প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর, আর আহমেদাবাদ আয়োজন করেছিল দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল।

তবে এবারের নতুন সূচি প্রতিযোগিতার সমীকরণেও কিছু পরিবর্তন আনছে। সাধারণত দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল একই মাঠে হওয়ায় সুবিধা পায় সেই ম্যাচের বিজয়ী দল। কিন্তু এবার দুই কোয়ালিফায়ারের জয়ী দলকেই ফাইনালের জন্য নতুন শহরে যেতে হবে।

সবচেয়ে বড় ধাক্কা হয়তো খেয়েছে বেঙ্গালুরু। কারণ শিরোপা নির্ধারণী ম্যাচ নিজেদের মাঠে খেলার সম্ভাবনা হারাল তারা। চলতি মৌসুমে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫ ম্যাচ খেলে ৪টিতেই জিতেছে দলটি। একমাত্র হার এসেছে দিল্লির বিপক্ষে। বাকি ২টি লিগ ম্যাচ তারা খেলবে রায়পুরে।

পয়েন্ট তালিকায় এখনো জমে আছে দারুণ লড়াই। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাঞ্জাব। বেঙ্গালুরু, হায়দরাবাদ, রাজস্থান ও গুজরাটের সবারই সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে দিল্লিকে হারিয়ে চেন্নাই উঠে এসেছে ষষ্ঠ স্থানে। তবে শীর্ষ পাঁচের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ পয়েন্ট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়