সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র হবে বাংলাদেশ: নাহিদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক দলের (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও নির্বাচনকে কেন্দ্র করে মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের পরও সেখানে সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, এ সব ঘটনার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তাই বাংলাদেশের দায়িত্ব আরো বেড়ে গেছে। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘‘বাংলাদেশবিরোধী গোষ্ঠী বিভিন্নভাবে সাম্প্রদায়িক উসকানি ও অপপ্রচার চালানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সংখ্যালঘুরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করবে।’’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যেখান থেকে আসুক, যোগ্যতার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, দেশে নতুন সংকট তৈরি হয়েছে। জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলনে নারীদের অবদানের কথা উল্লেখ করে তাদের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘‘দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।’’ এ জন্য সরকারকে চিকিৎসাসেবা ও প্রতিরোধ কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
ঢাকা/রেজাউল/বকুল
১২ মে থেকে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত: দোকান মালিক সমিতি