ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৭ মে ২০২৬  
ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

আরো পড়ুন:

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “ঈদ ঘিরে জাল টাকার চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এসব অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, “পশুর হাটের আশপাশে যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।”

লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনে পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি ফুট পেট্রোল জোরদারের নির্দেশও দেন তিনি।

থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনার তাগিদ দিয়ে ঢাকার পুলিশ প্রধান বলেন, “কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারেও জোর দিতে হবে।”

এ সময় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করেন ভারপ্রাপ্ত কমিশনার।

সভায় অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, যুগ্ম কমিশনার ফারুক হোসেনসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়