ভারতে নির্বাচনি সহিংসতা, সীমান্তে সতর্ক বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা ও উত্তেজনা। হামলা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকাগুলোর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার করিমপুর ও জলঙ্গী থানা অবস্থিত। দীর্ঘ এই সীমান্তপথ ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য কড়া নজরদারি চালাচ্ছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি ও জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ মালামালের চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে এ বাহিনী। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, “সীমান্তে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করেছি এবং নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার তথ্য আমাদের কাছে নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে।”
পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী-সহিংসতা মূলত শহরকেন্দ্রিক। তারপরও সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় প্রস্তুত আছে।
ঢাকা/কাঞ্চন/রফিক
বগুড়া সিটি করপোরেশন হচ্ছে, দেশে নতুন ৫ উপজেলার অনুমোদন