যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতের এই ঘটনা দুই দেশের এক মাসব্যাপী যুদ্ধবিরতির সবচেয়ে গুরুতর পরীক্ষা ছিল বলে জানিয়েছে রয়টার্স।
তবে ইরান জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি আরো উত্তেজনাকর করতে চায় না।
এই নতুন করে সংঘাত শুরু হলো এমন এক সময়ে, যখন ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল। এই প্রস্তাব অনুযায়ী যুদ্ধ বন্ধ হলেও ইরানের পারমাণবিক কর্মসূচির মতো সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো আপাতত অমীমাংসিত থাকবে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে এবং ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের হামলার জবাবে গুলি চালিয়েছে।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পরে সাংবাদিকদের জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
ওয়াশিংটনে লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজ পরিদর্শনকালে ট্রাম্প বলেন, “আজ ওরা আমাদের নিয়ে ছেলেখেলা করেছে। আমরা ওদের উড়িয়ে দিয়েছি।”
ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড একটি ইরানি তেল ট্যাঙ্কার ও আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপের বেসামরিক এলাকা, মূল ভূখণ্ডের নিকটবর্তী বন্দর খামির ও সিরিক উপকূলীয় এলাকায় বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। সামরিক বাহিনী বলেছে, তারা প্রণালির পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে এর জবাব দিয়েছে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
সেন্টকম জানিয়েছে, এই হামলায় ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকা ব্যবহার করেছে, যার লক্ষ্য ছিল নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার। এর জবাবে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিসহ অন্যান্য স্থানে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, “সেন্টকম পরিস্থিতি আরো খারাপ করতে চায় না, তবে মার্কিন বাহিনীকে রক্ষা করার জন্য তারা নিজ নিজ অবস্থানে প্রস্তুত রয়েছে।”
ঢাকা/শাহেদ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা