ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দাম বাড়ানোর পরও মিলছে না ১ ও ২ লিটারের সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ৮ মে ২০২৬  
দাম বাড়ানোর পরও মিলছে না ১ ও ২ লিটারের সয়াবিন তেল

বোতলজাত সয়াবিন তেল। ফাইল ফটো।

বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ার কারণে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়ায় সরকার। এরপরও বাজারে খুচরা পর্যায়ে মিলছে না ১ ও ২ লিটারের বোতলজাত তেল। কিছু দোকানে পাওয়া গেলেও পণ্যের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য থেকেও ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।

শুক্রবার (৮ মে) রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট ও কারওয়ান বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। 

আরো পড়ুন:

ক্রেতারা জানান, বাজার থেকে হঠাৎ উধাও ১ ও ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল। অনেক খোঁজাখুঁজির পর কিছু দোকান পাওয়া গেলেও সেই সব দোকানগুলোতে অন্যান্য পণ্য না কিনলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। ফলে প্রয়োজন না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সয়াবিন তেলের জন্য অন্য পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা।

গত ২৯ এপ্রিল বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেল ১ লিটার ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। এছাড়া, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানি করবে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার একটি প্রস্তাব অনুমোদন পায় ক্রয় কমিটির বৈঠকে। এ তেল সরবরাহ করবে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহায়া এনার্জি। ২৮২ কোটি ৫৭ লাখ টাকা মোট খরচ হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৪১ টাকা ২৮ পয়সা।

প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি লিটার ১ দশমিক ১৫১ মার্কিন ডলারে সয়াবিন তেল সরবরাহ করবে। মোট ২ কোটি লিটার তেলের জন্য ব্যয় দাঁড়াবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৫৭ লাখ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সূত্র বলছে, সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশ হয়েছে। গ্রাম-শহরনির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন ৯ শতাংশের বেশি।

বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ও বাজারে ১ ও ২ লিটারের না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর নিউমার্কেটের সয়াবিন তেল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আফজাল হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এই দেশটা মগের মুল্লুক হয়ে গেছে। যে যেভাবে পারছে গিলে খাচ্ছে। দোকানদারদের ব্যবহার দিন দিন খারাপ হচ্ছে। আজকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক খোঁজাখুঁজির পর একটি দোকানে পেয়েছি। তেলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে ১০ টাকা বেশি নিয়েছে।” 

তিনি বলেন, “১০ টাকা বেশি রাখার কারণে জানতে চাইলে, দোকানদার আমার সঙ্গে এক প্রকার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। বাধ্য হয় নিয়েছি। এভাবে চলতে পারে না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে।”

রাজধানীর কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী শফিক হাওলাদার বলেন, “আমরা অর্ডার দিয়ে চাহিদা মতো সরবরাহ পাচ্ছি না। দাম বাড়ার পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। দেশে হাতে গোনা কয়েকটি বড় বড় কোম্পানি থাকায় তারা এই সুযোগ পাচ্ছে। আমার দোকানেও তেল নেই। অন্য দোকানে দাম বাড়তি রাখছে কিনা বলতে পারবো না।”

সয়াবিন তেলের বৃদ্ধি বিষয়ে ২৯ এপ্রিল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভোজ্যতেল পরিশোধনকারী ও আমদানিকারকদের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বৈশ্বিক ভোজ্যতেল বাজারের অস্থিরতার কারণে এ মূল্য সমন্বয় জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ সয়াবিন তেলের জন্য ব্যাপকভাবে আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন ও আমদানি ব্যয়ের ওঠানামার প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ে।”

তিনি বলেন, “ব্যয় বৃদ্ধিজনিত আর্থিক চাপের কথা উল্লেখ করে রমজান মাস থেকেই পরিশোধনকারী ও আমদানিকারকরা মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন।”

মুক্তাদির বলেন, “বিশ্ববাজারের দামের প্রবণতা ও আমদানি-সংক্রান্ত ব্যয়ের বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বেশি হারে মূল্যবৃদ্ধির প্রস্তাব দিলেও শিল্পের টিকে থাকা ও ভোক্তা সুরক্ষার মধ্যে ভারসাম্য রাখতে সরকার সীমিত পরিসরে মূল্য বাড়ানোর অনুমোদন দিয়েছে।”

ঢাকা/রায়হান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়