ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় শিশুদের বকাবকি, নিষেধ করায় ভাইকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৪ মে ২০২৬  
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় শিশুদের বকাবকি, নিষেধ করায় ভাইকে হত্যা

ফয়সাল

স্ত্রীর ঘুমে ব্যাঘাত হওয়ায় শিশুদেরকে বকাবকি করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত বড় ভাই মোরশেদকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড় কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

নিহত ফয়সাল ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত মোরশেদ তার আপন বড় ভাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোরশেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার (১৩ মে) রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। এ সময় বাড়ির পাশের শিশুদের হৈ-হুল্লোড়ে স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটছে বলে মোরশেদ ঘর থেকে বের হয়ে শিশুদেরকে বকাবকি করেন। এ সময় ফয়সাল বড় ভাইকে শিশুদের বকা দিতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে পরিস্থিতি শান্ত হলে তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর দেড়টার দিকে দুই ভাই আবার বাড়িতে ফিরে এলে পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোরশেদ ঘর থেকে একটি দা এনে ছোট ভাই ফয়সালকে এলোপাতাড়ি কোপ দেন। এতে গুরুতর আহত হন ফয়সাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আটক করে পুলিশ।

পূর্ব জোড় কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। ভাই ভাইকে হত্যার ঘটনা এই প্রথম আমার ইউনিয়নে ঘটেছে।”

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এখনো পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়