দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ার তাগিদ তথ্যমন্ত্রীর
সরকার ও রাষ্ট্রকে আলাদা করে দেখে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, “জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি, সেই ইচ্ছার বাইরে গেলে কোনো সরকার টিকে থাকতে পারে না।”
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। নির্বাচিত সরকারের কাজ হলো জনগণের ইচ্ছা বাস্তবায়ন করা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাইকে জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধির বাইরে গিয়ে কিছু করা যাবে না।”
তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের ছড়িয়ে থাকা দক্ষতা ও সক্ষমতাকে এক জায়গায় এনে কাজে লাগালে প্রশাসনের কার্যকারিতা বহুগুণ বাড়বে। ছড়িয়ে থাকা আলোকে লেজারে রূপান্তর করলে যেমন শক্তি বাড়ে, তেমনি সম্মিলিত দক্ষতা কাজে লাগালেও প্রশাসন উৎপাদনশীল হয়।”
মন্ত্রী আরো বলেন, “কালেক্টিভ নলেজের চেয়ে বড় জ্ঞান আর নেই। তাই কর্মকর্তাদের মুক্তভাবে মতামত দেওয়ার সুযোগ দিতে হবে এবং আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে অংশগ্রহণমূলক কর্মপরিবেশ তৈরি করতে হবে।”
প্রশাসনের সব স্তরে দ্রুত ডিজিটালাইজেশনের ওপরও জোর দেন তিনি। সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/আসাদ/সাইফ
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি