শিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি দিল ইসলামী ফ্রন্ট
মাদ্রাসা সিলেবাসে অসংগতি, মব সন্ত্রাসে চাকরিচ্যুতদের পুনর্বহাল, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের চাকরি সরকারিকরণসহ পাঁচ দাবি বাস্তবায়নে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে স্মারকলিপিটি তার হাতে তুলে দেন দলটির মহাসচিব স উ ম আবদুস সামাদ। পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেন ফ্রন্ট নেতারা। মন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বিবেচনার আশ্বাস দেন।
এসময় প্রতিনিধি দলে ড. অধ্যক্ষ এ কে এম মাহবুবুর রহমান, ড. অধ্যক্ষ ঈসমাইল নোমানী, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, অ্যাডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আবদুল হাকিম ও নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
৫ দাবি হলো:
এক- রাসূলে পাকের পবিত্র রওজা মোবারক জিয়ারতের একটা পরিচ্ছেদ ছিল পাঠ্য বইতে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই পরিচ্ছদটি বাদ দেয়। এটি পুন সংযুক্ত করতে হবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা ইসলামের শুরু থেকেই সমগ্র মুসলিম উম্মাহর নিকট একটি শ্রদ্ধা ও বরকতময় আমল।
দুই- তিন রাকাত বিতিরের নামাজ কোরআন-সুন্নাহ সমর্থিত একটি ইবাদত। কিন্তু এই দুষ্টচক্র বিতিরের নামাজ সম্পর্কে লিখেছে, “বিতিরের নামাজ ৫ রাকাত কিংবা ৭ রাকাত কিংবা ৯ রাকাত হতে পারে”। আগের তিন রাকাতযুক্ত করতে হবে।
তিন- মাজার জিয়ারতসহ তরিকত-তাসাওফ সম্পর্কিত মোট ১০টি পরিচ্ছদ একসাথে পাঠ্য বই থেকে বাদ দিয়ে দিয়েছে। আগের পরিচ্ছেদ যুক্ত করতে হবে।
চার- মব সন্ত্রাসের মাধ্যমে যেসব অধ্যক্ষ, শিক্ষক, ইমাম, খতিব ও ব্যাংকারদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে স্ব পদে পুনর্বহাল করতে হবে।
পাঁচ-সরকারের ভেতরে থাকা একটি মহল অন্যায়ভাবে আলিয়া মাদ্রাসাগুলোতে কওমি সিলেবাসের অন্তভূক্ত শিক্ষক নিয়োগদানের ষড়যন্ত্র শুরু করেছে। এই ধরণের কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।
ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ