মধ্যরাতে চেকপোস্টে আটকে গেল যুবক, মিলল মার্কিন ডলার
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উদ্ধার হওয়া মার্কিন ডলার
লালমনিরহাটে তিস্তা টোল প্লাজায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) মধ্যরাত ২টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ ইসলাম এ তথ্য জানান।
আটক লিখন কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ২টার দিকে লালমনিরহাট সদর থানার একটি দল গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে চেকপোস্ট বসায়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আমেরিকান ডলার উদ্ধার করে পুলিশ।
জব্দকৃত বিদেশি মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
ওসি সাদ ইসলাম বলেন, আটক যুবক এই ডলার কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।