মমেকে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্য
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হাসপাতালটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দিন খানও মৃত্যুর তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২০ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭২ শিশু।”
তিনি বলেন, “গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২ শিশু। মৃত্যু হয়েছে ১০ শিশুর।”
ডা. মো. মাইনউদ্দিন খান জানান, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৩ বছর। সে ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। শিশুটি গত ২ এপ্রিল হাসপাতালের হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
হাসপাতালের হামের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, “সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
ঢাকা/মিলন/মাসুদ
ছুটির দিনেও তেলের জন্য দীর্ঘ সারি