হামের উপসর্গে মমেকে আরো ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহে মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ শিশু।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হাম রোগের চিকিৎসা নিয়েছে ৩২৪ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৯ শিশু। মৃত্যু হয়েছে ৯ শিশুর।
মাইনউদ্দিন খান আরো জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।
ঢাকা/মিলন/মাসুদ