ভূমি সেবায় হয়রানি বন্ধে জবাবদিহি নিশ্চিতের আশ্বাস ভূমিমন্ত্রীর
ভূমি সেবায় দুর্নীতি, হয়রানি ও মামলাজট কমাতে জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, “ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও আইন মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে সেবা ব্যবস্থা আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মিজানুর রহমান মিনু বলেন, “আগামী ১৯ মে সকাল ১০টায় সারা দেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”
“এই মেলার মাধ্যমে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল।”
তিনি বলেন, “ভূমি নিয়ে গ্রামের মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। মামলা-মোকদ্দমা, দালালচক্র ও দীর্ঘসূত্রতায় অনেকে বাপ-দাদার সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হন। আমরা চাই জনগণ যেন দ্রুত ও স্বচ্ছ সেবা পায়।”
কৃষিজমি সুরক্ষার বিষয়ে ভূমিমন্ত্রী বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি অন্য কাজে ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুললে মো. মিজানুর রহমান মিনু বলেন, “এসিল্যান্ড অফিসসহ বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে চাই।”
প্রবাসীদের জমি ও ফ্ল্যাট নিবন্ধনে পাসপোর্ট ব্যবহারের সুযোগ সীমিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশে থাকা বাংলাদেশিদের স্বার্থে নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করবে। জনগণের জন্য যা ভালো, সরকার সে উদ্যোগ নেবে।”
ঢাকা/আসাদ/সাইফ
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন (২৬ থেকে ৩০ মে): নোয়াব