ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকট: ফুয়েল কার্ড নিতেও দীর্ঘ লাইন

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৬:১২, ৩০ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকট: ফুয়েল কার্ড নিতেও দীর্ঘ লাইন

ঠাকুরগাঁওয়ে চলমান জ্বালানি সংকট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড চালু করা হলেও তা পেতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে চলমান জ্বালানি সংকট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড চালু করা হলেও ভোগান্তি কমেনি। বরং কার্ড নিতে গিয়ে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে তেল সংকটের পাশাপাশি নতুন করে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।

সোমবার (৩০ মার্চ) শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। কিছু কিছু পাম্পে সীমিত পরিসরে শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে। ফলে পরিবহন চালকসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন:

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করে। তবে সেই কার্ড পেতে এখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

ফুয়েল কার্ড নিতে আসা একাধিক বাইক চালক জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও কার্ড সংগ্রহ করা যাচ্ছে না। এতে করে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের মতে, সরাসরি ফিলিং স্টেশনে প্রশাসনের তদারকির মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলে দুর্ভোগ কিছুটা কমতো।

তবে ভিন্ন মতও রয়েছে। অনেক চালক মনে করছেন, ফুয়েল কার্ড চালুর মাধ্যমে বৈধ চালকরাই জ্বালানি পাবেন, এতে করে শৃঙ্খলা ফিরে আসবে।

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বরাদ্দ ধীরে ধীরে শুরু হয়েছে এবং বরাদ্দ অনুযায়ী তেল বিতরণ করা হবে। এতে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে তারা জানান।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও ফুয়েল কার্ড বিতরণ তদারকি প্রধান কর্মকর্তা রমজান আলী বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছভাবে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফুয়েল কার্ড চালুর মূল উদ্দেশ্য ছিল জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনা। তবে বাস্তবে দেখা যাচ্ছে, কার্ড সংগ্রহ প্রক্রিয়ায় নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ, সুষ্ঠুভাবে বিতরণ ও জনদুর্ভোগ লাঘব করতে ‘ফুয়েল কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “‘ফুয়েল কার্ড’ ছাড়া কেউ জ্বালানি তেল কিনতে পারবেন না। ৪ এপ্রিলের মধ্যে ঠাকুরগাঁও জেলার সব বৈধ মোটরসাইকেলের চালককে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করতে হবে।”

ঢাকা/হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়