রাহুলের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে যা জানা গেল
রাহুল ব্যানার্জি
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জির ময়নাতদন্ত শেষ হয়েছে। প্রাথমিক রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের তথ্য প্রকাশ করেছে এবিপি আনন্দ। এ প্রতিবেদনে বলা হচ্ছে, সম্ভবত ১ ঘণ্টারও বেশি সময় সমুদ্রের জলে ডুবেছিলেন রাহুল। তার ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকে যায়। ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়েছে। ফুসফুসের ভেতর বালি এবং নোনা জল অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়, রাহুলের খাদ্যনালির ভেতরেও মিলেছে বালি-নোনা জল।
ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে, ১ ঘণ্টারও বেশি সময় ধরে সমুদ্রের জলের তলায় ছিলেন রাহুল; দ্রুত তাকে উদ্ধার করা যায়নি।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, রাহুলের শরীর থেকে সংগ্রহ করা হয়েছে ভিসেরা। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে, তা জানার জন্যই মৃতের দেহ থেকে সংগ্রহ করা হয় ভিসেরা। তারপর সেই ভিসেরা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। রাহুলের মরদেহ থেকেও ভিসেরা সংগ্রহ করে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। পাকস্থলীতে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, তা নিঃসন্দেহে ভয়াবহ।
হাসপাতালে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাহুলের আত্মীয়-স্বজনেরা। রাহুলের অসংখ্য অনুরাগী হাসপাতাল চত্বরে ও রাস্তায় জড়ে হয়েছিলেন। ফুলে ফুলে ঢেকে যায় রাহুলের শরীর। রাহুলের মরদেহ নিয়ে শববাহী গাড়ি রওনা হয়েছে তার বিজয়গড়ের বাড়ির দিকে।
ঢাকা/শান্ত
খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর