ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোহিত প্রমাণ করলেন ‘ওল্ড ইজ গোল্ড’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২৮, ৩০ মার্চ ২০২৬
রোহিত প্রমাণ করলেন ‘ওল্ড ইজ গোল্ড’

একদিন আগেই বিরাট কোহলি দেখিয়েছিলেন, বয়স কেবলই সংখ্যা। এবার সেই কথাই যেন নতুন করে প্রমাণ করলেন রোহিত শর্মা। রবিবার রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্সকে জয় এনে দিয়ে বুঝিয়ে দিলেন- রানের ক্ষুধা এখনও অটুট।

ঘরের মাঠে ২২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের দাপুটে জয় পায় মুম্বাই। আর এই জয়ের নায়ক ছিলেন রোহিত। ৩৮ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একাই।

আরো পড়ুন:

আগামী মাসেই ৩৯-এ পা দিতে যাচ্ছেন রোহিত। একসময় মুম্বাইকে ৫টি শিরোপা এনে দেওয়া এই অধিনায়ক ২০২৪ মৌসুমের আগে দায়িত্ব ছেড়েছেন হার্দিক পান্ডিয়ার কাছে। তবে নেতৃত্ব না থাকলেও ব্যাট হাতে তার প্রভাব এতটুকু কমেনি।

কোহলির মতোই এখন রোহিতও জাতীয় দলে সীমিত ফরম্যাটে খেলছেন। কিন্তু আইপিএলের মঞ্চে তিনি যেন নতুন উদ্যমে নিজেকে প্রমাণ করতে নেমেছেন- তিনি এখনও ম্যাচ জেতাতে পারেন।

ম্যাচ শেষে কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, “রোহিত এখন অনেকটা মুক্তভাবে খেলছে। অধিনায়ক না থাকায় তার ওপর চাপও কম। ফলে সে আরও শান্তভাবে চিন্তা করতে পারছে।”

তিনি আরও যোগ করেন, “অভিজ্ঞ খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটা হয়। অনুশীলন কম করলেও তাদের মাংসপেশির স্মৃতি কাজ করে। তারা বুঝে যায় বোলার কী করতে চাইছে। সেই জায়গা থেকে যে স্বাধীনতা আসে, সেটাই এখন রোহিতের খেলায় স্পষ্ট।”

নতুন মৌসুমের আগে নিজেকে আরও ফিট করে তুলেছেন রোহিত। দলে সবার আগে যোগ দিয়ে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছেন। তারই ফল মিলল মাঠে। এই ইনিংসটি ছিল আইপিএলে তার ৫০তম ৫০-এর বেশি রানের ইনিংস।

জয়াবর্ধনে বলেন, “আমরা ওর জন্য আলাদা প্রস্তুতির ব্যবস্থা করেছি। সে যেভাবে ব্যাট করছিল, তাতে আমরা খুবই সন্তুষ্ট। আজ সে অসাধারণ খেলেছে।”

এর আগের দিনই কোহলির অপরাজিত অর্ধশতকে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সব মিলিয়ে, কোহলি-রোহিত; দু’জন অভিজ্ঞ তারকার ব্যাটে শুরু হয়েছে নতুন মৌসুম। আর তারা দু’জনই জানিয়ে দিচ্ছেন, সময় পেরোলেও শ্রেষ্ঠত্ব এখনো তাদের হাতেই।  

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়