ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অন্তঃসত্ত্বার পেটে লাথি স্বামীর, রক্তক্ষরণের দৃশ্য ভিডিও কলে দেখান স্ত্রীর পরিবারকে

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:১৬, ১ এপ্রিল ২০২৬
অন্তঃসত্ত্বার পেটে লাথি স্বামীর, রক্তক্ষরণের দৃশ্য ভিডিও কলে দেখান স্ত্রীর পরিবারকে

অভিযুক্ত সবুজ মন্ডলকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পাবনার চাটমোহরে।

পাবনার চাটমোহরে স্বামীর নির্যাতনে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সবুজ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে পাবনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মনিষা মন্ডল (৩১) উপজেলার ফৈলজানা কাটাজোলা গ্রামের উপেন সরকারের মেয়ে। প্রায় আট বছর আগে একই গ্রামের সুবল মন্ডলের ছেলে সবুজ মন্ডলের (৩৫) সঙ্গে তার বিয়ে হয়।

মনিষার পরিবারের অভিযোগ, ঢাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন মনীষা। গত ২৭ মার্চ মনীষাকে সেখান থেকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন সবুজ। পরদিন মদ্যপ অবস্থায় তাকে মারধর করা হয়। মনীষা চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। নির্যাতনের একপর্যায়ে মনীষার পেটে লাথি মারা হলে রক্তক্ষরণ শুরু হয়। ভিডিও কলে সেই দৃশ্য মনীষার পরিবারকে সবুজ দেখান বলে অভিযোগ। পরিস্থিতির অবনতি হলে বুধবার পাবনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন সবুজের পরিবার।

সবুজ মন্ডলের বাবা সুবল মন্ডল বলেন, “দাম্পত্য কলহের জেরে মনীষা তিন মাস আগে ঢাকায় চলে যায়। সেখানে একটি বাসায় কাজ করার সময় সমস্যায় পড়লে সবুজ তাকে নিয়ে আসে।”

তার দাবি, মনীষা নিজেই গর্ভপাতের জন্য ওষুধ সেবন করেছিলেন এবং এ সংক্রান্ত চিকিৎসা নথি তাদের কাছে রয়েছে।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, “অভিযুক্ত সবুজ মন্ডলকে আটক করে হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়