ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সচল হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের ধলা স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। সকাল পৌনে ১১টার দিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে ছেড়ে যায়।
আরো পড়ুন: ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে আগুন নেভান। পরে পুড়ে যাওয়া ইঞ্জিনসহ ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে আওলিয়া নগর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে ছেড়ে যায়।”
তিনি আরো বলেন, “এ ঘটনা গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, আউলিয়ার নগর স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে লাইন ক্লিয়ার হলে ট্রেনগুলো গন্তব্যে রওনা দেয়।”