সারা বাংলা

‘বউত দিন হাইয়ো আর না হাইয়ো’ স্লোগানে তারুণ্যের উচ্ছ্বাস

‘বউত দিন হাইয়ো আর না হাইয়ো’ অর্থ ‘অনেক দিন খেয়েছো, আর না’ স্লোগানে তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। 

রবিবার (২০ জুলাই) রাতে নগরীর দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রা ও সমাবেশে নিজের বক্তব্যের শেষ পর্যায়ে এই স্লোগানের ঝড় তোলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরাও স্লোগান দিতে শুরু করেন।

রাঙ্গামাটি থেকে পদযাত্রা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নগরীর বহদ্দার হাট থেকে মুরাদপুর হয়ে দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেন তারা।

সমাবেশে আলোচিত স্লোগান ছিল- ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এনসিপি এনসিপি, জিন্দাবাদ জিন্দাবাদ’, এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার স্লোগান ‘বউত দিন হাইয়ো আর না হাইয়ো।”