কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো নিষিদ্ধ করার ঘোষণা প্রত্যাহার করেছে মসজিদ কমিটি। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না এই মর্মে প্রশাসনের কাছে মুচলেকা জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মসজিদ কৃর্তপক্ষ।
রবিবার (৫ এপ্রিল) সকালে মোবাইল ফোনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।
আরো পড়ুন: সাউন্ড বক্স ও মাইক বাজালে গ্রামে বহিষ্কারের হুঁশিয়ারি
তিনি বলেন, “বড় মাজগ্রামে মাইকিংয়ের প্রচারের বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি প্রশাসনের নজরে আসা মাত্রই মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়। নির্দেশনা দেওয়া হলে তারা স্থানীয়ভাবে আলোচনা করে ঘোষণা প্রত্যাহার করেছেন। একটি লিখিত মুচলেকা প্রশাসনের কাছে জমা দেবেন কমিটি। আপাতত এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।”
গত বৃহস্পতিবার মসজিদ কমিটি এক প্রচার মাইকে ঘোষণা দেন- কেউ সাউন্ড বক্স ও মাইকসেট বাজালে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। এমনকি তাদের কারো মৃত্যু হলে স্থানীয় কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না।
গত ২৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বৈঠকের মাধ্যমে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধে এমন সিদ্ধান্ত নেয় বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি। এ নিয়ে সংবাদ প্রচার হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রবিবার অফিস খুললে ইউএনওর কাছে লিখিত মুচলেকা জমা দেওয়া হবে।”
তার ভাষ্য, বিয়ে ও সুন্নতে খৎনা অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজালে নামাজ, শিশুদের পড়ালেখা ও অসুস্থ মানুষদের খুবই কষ্ট হয়। এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাউন্ড বক্স ও মাইক বাজানোর ক্ষেত্রে সবার সচেতন হওয়া উচিৎ।”
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ইউএনওকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।”