ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাউন্ড বক্স ও মাইক বাজালে গ্রামে বহিষ্কারের হুঁশিয়ারি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৪৪, ৪ এপ্রিল ২০২৬
সাউন্ড বক্স ও মাইক বাজালে গ্রামে বহিষ্কারের হুঁশিয়ারি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড় মাজগ্রামে কোনো ব্যক্তি যদি সাউন্ড বক্স ও মাইক বাজায় তাহলে তাকে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সব কার্যকলাপ থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওই গ্রামের মসজিদ কমিটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার বড় মাজগ্রামে দিনব্যাপী মাইকে প্রচার করে গ্রামের জামে মসজিদ কমিটি এ ঘোষণা দেয়। প্রচারের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে জমারত আলী ও রুপা খাতুন দম্পতির বাড়ি। তাদের নাতি আলিফের (৭) খৎনা অনুষ্ঠানে তারা বাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করেন। এতে মুসল্লিরা আপত্তি জানালে তারা বাজানো বন্ধ করেন। ২৬ মার্চ, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরদিন এ নিয়ে তর্কাতর্কি ও উত্তেজনা দেখা দিলে আলোচনাসাপেক্ষে গ্রামে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধ করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত ২ এপ্রিল সারাদিন গ্রামজুড়ে মাইকে প্রচার করে বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি। 

এ প্রসঙ্গে রুপা খাতুন বলেন, ‘‘নাতির শখ পূরণ করতে খৎনা অনুষ্ঠানে মাত্র একদিন বক্স বাজানো হয়েছে। তবে নামাজ ও আজানের সময় তা বন্ধ ছিল। সবসময় সাউন্ডও কম থাকত। তবুও শত্রুতা করে মসজিদ কমিটির কিছু লোক প্রভাব দেখিয়ে গ্রামে ঝামেলা করছে। বন্ধ হলে সারাদেশেও বন্ধ হোক। শুধু এখানে কেন?’’

মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, ‘‘গত ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন, বড় মাজগ্রাম মহল্লার অধীনে কোনো বাড়িতে সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো হলে ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সকল কার্যকলাপ থেকে তাদের বহিষ্কার করা হবে। এক কথায় সামাজিকভাবে তাদের বয়কট করা হবে।’’

তার ভাষ্য, কোরআনে গানবাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সম্প্রতি কিছু বিয়ে-সুন্নতে খৎনা বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছে। এতে অসুস্থ মানুষসহ সকলের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন জানান, সব ধরনের গানবাজনা বন্ধ বিষয়টি ঠিক এমন নয়। উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানো বন্ধের বিষয়ে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাইকিং করে কি প্রচার করা হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান। 

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী এভাবে গানবাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই। কেউ সাউন্ড বক্স ও মাইকে উচ্চ শব্দে গান বাজালে তা নিয়ন্ত্রণ করতে হবে। সচেতন করা যেতে পারে। অথবা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। তবে এভাবে মাইকিং করে বন্ধ করা ঠিক নয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। 

ঢাকা/কাঞ্চন//

সর্বশেষ

পাঠকপ্রিয়