সারা বাংলা

কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা না করার সিদ্ধান্ত পরিবারের

কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান। 

তিনি বলেন, ‍“রাতে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, কোনো মামলা করব না। যে চলে গেছে, তাকে তো ফিরে পাব না। আর অযথা কোনো ঝামেলাতে যাব না।” 

তিনি বলেন, “মামলা করতে হলে দৌঁড়াদৌঁড়ি করতে হবে। তদবির করতে হবে। আর পরিশ্রম করতে চাচ্ছি না।” 

কোনো চাপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো চাপ নেই। দরবারে এখনো পুলিশ আছে।”

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “পরিবার থেকে জানানো হয়েছিল সোমবার সকালে এসে মামলা করবে। কিন্তু তারা কেউ আসেননি। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কথিত পীর আবদুর রহমান ওরফে শামীম পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। কয়েক বছর আগের ৩০ সেকেন্ডের এমন একটি ভিডিও গত শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত শনিবার সকালে শামীমের দরবার থেকে আধা কিলোমিটার দূরে আবেদের ঘাট এলাকায় শতাধিক মানুষ জড়ো হন। দুপুরের পর তারা দরবারে হামলা চালায় এবং পুলিশের উপস্থিতিতেই শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।