নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতি (১৪) হত্যা মামলার রায় আজ বুধবার (১৫ এপ্রিল) ঘোষণা করা হবে।
নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার রায় ঘোষণা করবেন।
আরো পড়ুন: নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী এ তথ্য জানান।
তিনি জানান, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুরের নিজ বাসায় স্কুলছাত্রী অদিতাকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই অদিতির সাবেক গৃহশিক্ষক ও স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
পিপি সেলিম শাহী জানান, এই হত্যা মামলাটি স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে নথিভুক্ত।
মামলার বাদী নিহত অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, “আমার স্কুলপড়ুয়া মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
তাসমিয়া হোসেন অদিতি নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর এলাকার প্রয়াত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা বেগমগঞ্জের একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। এ ঘটনার পর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে আবদুর রহিম রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্তের পর অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।