আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর এই ঈদকে কেন্দ্র করে মসলা জাতীয় পণ্যের দাম বাড়লেও এবার ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুরের হিলি বন্দর বাজারে।
বর্তমানে এই বাজারে প্রতিকেজি জিরা বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়, যা গত বছরের তুলনায় ১০০ টাকা কম। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় এই মসলার দাম কমেছে।
আরো পড়ুন: হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি
শনিবার (১৬ মে) সকালে হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, গত বছরের কোরবানির ঈদের তুলনায় এবার জিরার দাম কেজিতে প্রায় ১০০ টাকা কম। গত বছর যেখানে জিরা বিক্রি হয়েছিল ৬৫০ টাকা কেজি দরে, সেখানে এবার তা বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজিতে। দাম কম থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা হিলি বাজারে আসছেন জিরাসহ বিভিন্ন মসলা কিনতে।
বগুড়া থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, “হিলি একটি বড় মসলার বাজার। এখানে তুলনামূলক কম দামে সব ধরনের মসলা পাওয়া যায়। সামনে কোরবানির ঈদ, তাই প্রয়োজনীয় মসলা কিনতে এসেছি। জিরা কিনলাম ৫৫০ টাকা কেজি দরে। গত বছরের তুলনায় এবার দাম অনেকটাই কম।”
স্থানীয় ক্রেতা আজিজুল ইসলাম বলেন, “কয়েক বছর আগে ২৫০ টাকা কেজি দরে জিরা কিনেছিলাম। এখন ৫৫০ টাকা কেজি কিনতে হচ্ছে। গত বছরের তুলনায় বর্তমানে দাম কিছুটা কমেছে, ফলে স্বস্তি আছে।”
হিলির বিসমিল্লাহ মসলা ঘরের ব্যবসায়ী শাওন আহমেদ বলেন, “গত দুই ঈদের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। বিশেষ করে জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর জিরা বিক্রি করেছি ৬৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে। রোজার ঈদেও ছিল ৬৩০ টাকা। বর্তমানে তা কমে ৫৫০ টাকায় বিক্রি করছি।”
তিনি বলেন, “চলতি বছরে ভারত থেকে হিলি বন্দরে জিরার আমদানি বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগামীতে দাম আরো কমতে পারে এমনটি আশা করছি।”