ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৯ মে ২০২৬   আপডেট: ০৮:৪৮, ৯ মে ২০২৬
হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

কোরবানি ঈদকে সামনে রেখে হিলি বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বাজার।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা। দাম কম থাকায় স্বস্তি নিয়ে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কম। 

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা বেড়েছে।

আরো পড়ুন:

মসলা বাজার সংশ্লিষ্টরা জানান, গত কোরবানি ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতিকেজি ৫৫০০ থেকে ৫৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪২০০ থেকে ৪৫০০ টাকায়। কালো এলাচের দামও কমেছে। আগে ৩ হাজার টাকায় বিক্রি হওয়া এই এলাচ এখন প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। 

এ ছাড়া, ১৮০০ টাকার লবঙ্গ দাম কমে এখন ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। গোলমরিচ বিক্রি হচ্ছে ১২০০ টাকায় এবং জিরার দাম কেজিতে ৬৩০ টাকা থেকে কমে বর্তমানে ৫৬০ টাকায় নেমে এসেছে।

জয়পুরহাট থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, “হিলি বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হয়। তাই এখানকার বাজারে দাম তুলনামূলক কম পাওয়া যায়। প্রতি কোরবানির ঈদেই আমরা এখান থেকে মসলা কিনে নিয়ে যাই।”

স্থানীয় ক্রেতা লুৎফর রহমান বলেন, “গত বছরের তুলনায় এবার মসলার দাম অনেকটাই কম। সাদা এলাচ কেজিতে প্রায় এক হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। জিরার দামও কমেছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতারা উপকৃত হচ্ছে।”

হিলি বিসমিল্লাহ মসলা ঘরের মালিক শাওন আহমেদ জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা বাজারে আসছেন। বর্তমানে বেচাকেনাও ভালো হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি আরো বাড়বে এমনটি আশা করছেন তিনি।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়