ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মায়ের মুখে হাসি ফোটাতে যা যা করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৯ মে ২০২৬   আপডেট: ০৯:১৮, ৯ মে ২০২৬
মায়ের মুখে হাসি ফোটাতে যা যা করতে পারেন

নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতেই যেন মায়ের জীবন কেটে যায়। সন্তান বড় হয়ে ওঠে, নিজের জীবন গড়ে তোলে—আর মা থেকে যান পরিবারের সবার যত্নে ব্যস্ত। মাকেও যে যত্নে রাখা প্রয়োজন তা মনে করিয়ে দেয় মা দিবস। আর একদিন পরেই মা দিবস। একটি দিন পুরো বছরের দায়িত্ব মনে করিয়ে দিয়ে যায়, আবার ফিরে-ফিরে আসে। এজন্য মা দিবস হতে পারে সেই মানুষটির জন্য একটু বিশেষ কিছু করার উপলক্ষ। খুব দামি কিছু নয়, ভালোবাসা আর যত্ন দিয়েই পূরণ করা যায় মায়ের বহুদিনের ছোট ছোট শখ।

মায়ের পছন্দের গয়না উপহার দিন
বেশির ভাগ নারীই অলংকার ভালোবাসেন। মা দিবসে মায়ের জন্য তার পছন্দের কোনো গয়না হতে পারে দারুণ চমক। আগে থেকেই কৌশলে জেনে নিতে পারেন তিনি কেমন ডিজাইন বা রং পছন্দ করেন। অনলাইনে ঘেঁটেও বেছে নিতে পারেন সুন্দর কিছু। ছোট্ট একটি উপহারও মায়ের মুখে এনে দিতে পারে বড় হাসি।

আরো পড়ুন:

মাকে নিয়ে বাইরে খেতে যান
সংসারের কাজ সামলাতে সামলাতে নিজের জন্য আলাদা সময়ই যেন পান না মায়েরা। তাই এই দিনে তাকে রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি দিন। তার প্রিয় খাবার অর্ডার করুন অথবা নিয়ে যান কোনো পছন্দের রেস্টুরেন্টে। খাওয়া শেষে একসঙ্গে আইসক্রিম খেতে ভুলবেন না। ছোটবেলায় যেমন মা কিনে দিতেন, এবার না হয় আপনিই মায়ের হাতে তুলে দিন সেই আনন্দ।

মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন
শেষ কবে মায়ের সঙ্গে নির্ভার হয়ে কোথাও ঘুরতে গিয়েছেন, মনে আছে? মা দিবসে তাকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন কাছাকাছি কোনো সুন্দর জায়গায়। হতে পারে বিকেলের হাঁটা, নদীর ধারে সময় কাটানো কিংবা ছোট্ট একটি লং ড্রাইভ। সুযোগ থাকলে মা-বাবার জন্য একটি ছোট ট্যুরের ব্যবস্থাও করতে পারেন। এমন সময়ই হয়ে উঠতে পারে তার সবচেয়ে প্রিয় উপহার।

মায়ের কাজ সহজ করতে উপহার দিন প্রয়োজনীয় যন্ত্রপাতি
মায়ের প্রতিদিনের কাজকে একটু সহজ করে দিতে পারে এমন কোনো উপহারও হতে পারে বেশ অর্থবহ। রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার কিংবা জুস মেকারের মতো যন্ত্রপাতি তার সময় ও পরিশ্রম দুটোই বাঁচাবে। ব্যবহারিক এই উপহারগুলো মায়ের জীবনে স্বস্তি এনে দেবে অনেকটাই।

স্মৃতির ফ্রেমে বন্দি করুন ভালোবাসা
শৈশব থেকে আজ পর্যন্ত মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি দিয়ে তৈরি করতে পারেন একটি স্মৃতির অ্যালবাম বা ফটো ফ্রেম। পুরোনো ছবিগুলো দেখতে দেখতে মা ফিরে যাবেন স্মৃতির দুনিয়ায়। হয়তো আবেগে ভিজে উঠবে তার চোখও। কারণ, সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর চেয়ে মূল্যবান আর কিছুই তো নেই একজন মায়ের কাছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়