ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির অপেক্ষায় স্বজনরা, চলছে কবর খোঁড়ার কাজ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৯ মে ২০২৬   আপডেট: ১০:০২, ৯ মে ২০২৬
বৃষ্টির অপেক্ষায় স্বজনরা, চলছে কবর খোঁড়ার কাজ

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (৯ মে) সকাল থেকেই বৃষ্টিকে শেষবারের মতো দেখতে তার বাবার বাড়িতে আসতে শুরু করেছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। একই সঙ্গে চলছে কবর খোঁড়ার কাজও।

স্বজনরা জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দুপুর ৩টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছাবে। 

আরো পড়ুন:

এদিকে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বৃষ্টির শেষ বিদায়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহত বৃষ্টির চাচি জাকিয়া সুলতানা বলেন, “বৃষ্টি ছিল আমাদের এলাকার শিক্ষার আলো। সেই আলোটা এভাবে নিভে যাবে কখনো ভাবতে পারিনি। আমার সন্তানরাও ওর কাছ থেকে অনেক কিছু শিখেছে। ওর মেধা আমাদের এলাকায় আলোর মতো ছড়িয়ে পড়েছিল। হয়তো বৃষ্টির মতো আর কেউ হবে না, কিন্তু ওর স্মৃতি নিয়েই আমাদের বাঁচতে হবে। যারা বৃষ্টিকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।”

নাহিদা সুলতানা বৃষ্টির জন্য প্রস্তুত করা হচ্ছে কবর


চাচা দানিয়াল আকন বলেন, “বাড়িতে আসলেই গ্রামের সবাইকে পড়ালেখার উপদেশ দিত বৃষ্টি। ভালো মানুষ হওয়ার কথা বলত। আজ আর কেউ সেই উপদেশ দেবে না। আমরা শুধু আমাদের মেয়েকেই হারাইনি, হারিয়েছি পুরো এলাকার একটি আলো।”

বৃষ্টির চাচাতো ভাই রুমান আকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আপুর কাছ থেকেই শিখেছি, কীভাবে ভালো রেজাল্ট করতে হয়। ওর দেখানো পথেই আমি ক্লাসের ফার্স্ট বয় হয়েছি। ভাবতাম আপু আমাদের এলাকাকে আরও আলোকিত করবে। সে লাশ হয়ে ফিরবে, এটা কখনো কল্পনাও করিনি।”

পরিবার সূত্রে জানা গেছে, আজ আছরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষ করার পর বৃষ্টি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হন। পরে ফুল স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করার সুযোগ পেয়ে ২০২৫ সালের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যান তিনি।

গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যার ঘটনা সামনে আসে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়