বিএনপি ক্ষমতায় এলে মানুষের কল্যাণে কাজ করে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (মাঝে)।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের কল্যাণে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে দলটি।
শুক্রবার (৮ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠানে সাতটি উপজেলার ৩৩০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
দুলু বলেন, “ধনী-গরিব, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গঠন সম্ভব নয়।”
তিনি বলেন, “বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকবে।”
নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
ঢাকা/আরিফুল/মাসুদ
গাজীপুরের কাপাসিয়া ঘর থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ